ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

মুনাফার ধারায় ফিরেছে ন্যাশনাল টিউবস লিমিটেড 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৩, ৮ মে ২০২০
মুনাফার ধারায় ফিরেছে ন্যাশনাল টিউবস লিমিটেড 
ফাইল ছবি

মুনাফার ধারায় ফিরেছে দেশের একমাত্র সরকারি পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ন্যাশনাল টিউবস লিমিটেড (এনটিএল)। রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানটি ২০১৯-২০২০ অর্থবছরের মার্চ মাস পর্যন্ত  ৯১ কোটি ২৭ লাখ টাকা লাভ করেছে। পাশাপাশি ভ্যাট ও ট্যাক্সসহ বিভিন্ন খাতে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে ৭ কোটি ১ লাখ টাকা।

বাংলাদেশ স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের (বিএসইসি) অধিভুক্ত এ প্রতিষ্ঠান ২০১৬-২০১৭ অর্থবছর থেকে ২০১৮-২০১৯ অর্থবছর পর্যন্ত মুনাফা অর্জন করতে পারেনি। তবে  গত তিন বছরে কারখানাটি রাষ্ট্রীয় কোষাগারে যথাক্রমে ৫ কোটি ৭৮ লাখ ৫৩ হাজার, ৫ কোটি ৭০ লাখ ৮১ হাজার ও ৬ কোটি ৯৯ লাখ টাকা জমা দিয়েছে ।  

এর আগে ২০১৪-২০১৫ ও ২০১৫-২০১৬ অর্থবছরে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে যথাক্রমে ৫ কোটি ৯১ লাখ ৮৪ হাজার এবং ৩৮ লাখ ৮৯ হাজার টাকা মুনাফা অর্জন করেছিল। একই সঙ্গে ওই দুই বছর প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় কোষাগারে যথাক্রমে ১৩ কোটি ১৪ লাখ ৯০ হাজার এবং ৯ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার টাকা জমা দিয়েছিল । 

জানা গেছে, ন্যাশনাল টিউবস লিমিটেড দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি আন্তর্জাতিক মানের এমএস, জিআই ও এপিআই পাইপ উৎপাদন করে। এটির কারখানায় হাউজিং এস্টেট ও সেচ কাজে ব্যবহারের জন্য আন্তর্জতিক মানের এমএস ও জিআই পাইপ উৎপাদন হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটি আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট (এপিআই) লাইসেন্সের আওতায় তেল ও গ্যাস সঞ্চালন এবং জাহাজের পাইপিংয়ের কাজে ব্যবহারের জন্য এপিআই গ্রেডের স্টিল পাইপ উৎপাদন করে আসছে। 

Advertisement

উল্লেখ্য, এনটিএলই দেশে একমাত্র এপিআই গ্রেডের পাইপ উৎপাদন করে থাকে। উৎপাদন করছে বয়লার লাইনে ব্যবহারের জন্য ২৪৫ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং ২৫ বার প্রেসারের সহনীয় পাইপ। গুণগত মানের জন্য বর্তমানে এর উৎপাদিত পাইপ মেট্রোরেল প্রকল্পেও ব্যবহার হচ্ছে।

এ বিষয়ে এনটিএলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শা. এম. জিয়াউল হক জানান, চার যুগেরও বেশি সময় ধরে বিশ্বমানের পাইপ উৎপাদন ও বাজারজাত করছে এনটিএল। প্রতিষ্ঠানটি এরইমধ্যে আন্তর্জাতিক মান প্রতিষ্ঠান আইএসও, কেজিএস, ব্যুরো ভেরিটাস, এপিআই এবং দেশীয় মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআইয়ের  কোয়ালিটি সার্টিফিকেট অর্জন করেছে। পণ্য বৈচিত্র্যকরণ, গুণগতমান উন্নয়ন ও মানসম্পন্ন পণ্য উৎপাদনের স্বীকৃতি হিসেবে এনটিএল এরইমধ্যে  ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স এওয়ার্ড’ লাভ করেছে। 

তিনি সরকারি শিল্প প্রতিষ্ঠান হতে সরাসরি পণ্য ক্রয়ের ওপর গুরুত্ব দিয়ে বলেন, পিপিআর অনুসরণ করে সরকারি প্রতিষ্ঠান পিডব্লিউডি, পাবলিক হেলথসহ সব সরকারি প্রতিষ্ঠানে এনটিএল'র  পণ্য সরাসরি ক্রয় করার জন্য সরকারি পরিপত্র জারি করা হলে এনটিএল যেমন লাভবান হবে, তেমনি সরকারি কোষাগারেরও রাজস্ব বাড়বে।

বিএসইসি সূত্র জানায়, পণ্য বহুমূখীকরণের অংশ হিসেবে এনটিএল ইদানীং স্টিল সেড, বিলবোর্ড ও স্টিল  স্ট্রাকচার ভবন নির্মাণ করছে। এর কারখানায় স্থাপন করা হয়েছে উন্নতমানের গ্যালভানাইজিং প্লান্ট। এতে যেকোনো ধরনের লৌহজাত পণ্য সুলভমূল্যে গ্যালভানাইজড করা হয়। এনটিএল সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি শিপ বিল্ডিং, শিপ রিপিয়ারিং ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের জন্য পাইপ ও স্টিল স্ট্রাকচার তৈরি করে থাকে। বিক্রয় বৃদ্ধি ও দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে কারখানায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার স্থাপন করা হয়েছে এবং নেয়া হচ্ছে অনলাইন ক্রয় আদেশ। এর ফলে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে লাভে ফিরে আসছে।

প্রসঙ্গত, দেশ স্বাধীন হওয়ার পূর্বে এনটিএল ছিল আদমজী গ্রুপের একটি প্রতিষ্ঠান। ১৯৭২ সালে প্রতিষ্ঠানটি জাতীয়করণ করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!